দেশের ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বসুন্ধরা কিংস। নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ফেডারেশন কাপ জিতেছে কিংস। একই সঙ্গে মৌসুমের তিনটি বড় শিরোপা জিতে পূর্ণ করেছে কাঙ্ক্ষিত ‘ট্রেবল’।
ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে মাঠের বাইরেও ছিল ব্যাপক আলোচনা। ভেন্যু পরিবর্তনের দাবিতে আপত্তি জানিয়েছিল মোহামেডান। সেই জটিলতায় ম্যাচ একদিন পিছিয়েও যায়। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ভেন্যুতেই গড়ায় শিরোপা নির্ধারণী এই লড়াই।
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি মোহামেডানের দখলে। হাই-প্রেসিং ফুটবলে বসুন্ধরা কিংসকে চাপে ফেলে দেয় সাদা-কালো শিবির। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই আসে তার ফল। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন মোজাফফরভ। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত উদযাপন করে গ্যালারিও মাতিয়ে তোলেন তিনি।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। গোল হজমের পরপরই আক্রমণে ওঠে বসুন্ধরা কিংস। মোহামেডানের বক্সে স্যামুয়েল রাকসামকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নির্ভুল শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো।
২২তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহামেডান। সাইফুলকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় তারা। কিন্তু মোজাফফরভের নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন কিংস গোলরক্ষক শ্রাবণ। সেই সেভ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখে।
পেনাল্টি মিস করলেও আক্রমণের ধার কমায়নি মোহামেডান। ৩৫তম মিনিটে এলি কেকের লম্বা পাস থেকে দারুণ এক আক্রমণ গড়ে ওঠে। জাহিদ শান্তের নিখুঁত কাটব্যাক থেকে বল পেয়ে সৌরভ দেওয়ান চমৎকার প্লেসিং শটে দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এবারের টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল। প্রথমার্ধের শেষদিকে দোরিয়েলতনের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসায় পিছিয়েই বিরতিতে যায় কিংস।
তবে দ্বিতীয়ার্ধে যেন নতুন রূপে মাঠে নামে বসুন্ধরা কিংস। বিশেষ করে দোরিয়েলতনকে সামলাতে পুরোপুরি ব্যর্থ হয় মোহামেডানের রক্ষণভাগ। ৫১তম মিনিটে রাকিবের চমৎকার পাস ধরে ডিফেন্ডার এলি কেকেকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
সমতায় ফেরার পর ম্যাচে বাড়তে থাকে উত্তেজনা। ৭৪তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মোহামেডান। ফাহিমের ক্রসে একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন জাতীয় দলের উইঙ্গার শাহরিয়ার ইমন। সেই মিসের মূল্য দিতে বেশি সময় লাগেনি।
৭৯তম মিনিটে আবারও আঘাত হানেন দোরিয়েলতন। দারুণ এক ফিনিশিংয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক এবং বসুন্ধরা কিংসকে এনে দেন ৩-২ ব্যবধানের লিড। গোল উদযাপনে জার্সি খুলে ফেলায় হলুদ কার্ডও দেখতে হয় তাকে। তবে ততক্ষণে ম্যাচের নায়ক হয়ে গেছেন তিনি। এই হ্যাটট্রিকের মাধ্যমে এবারের ফেডারেশন কাপে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে যান দোরিয়েলতন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।
শেষদিকে মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় মোহামেডান। কিন্তু কিংসের রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে বসুন্ধরা কিংস শিবির।
এর আগে মৌসুমের শুরুতে মোহামেডানকে হারিয়ে ‘চ্যালেঞ্জ কাপ ২.০’ জিতেছিল কিংস। পরে আবাহনীকে পেছনে ফেলে লিগ শিরোপাও নিশ্চিত করে তারা। আর এবার ফেডারেশন কাপ জিতে দেশের ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রতিষ্ঠা করল বসুন্ধরা কিংস।