Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজিদ হাসান তামিমের টেস্ট অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১১:৫৭

ওপেনারদের টানা অফ ফর্ম আর সাদমান ইসলাম অনিকের চোট পাওয়াতে অনেকটা অনুমিতই ছিল টেস্টে তানজিদ হাসান তামিমের অভিষেক। অনুমানই সত্যি হলো। ১০৯তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হলো ফর্মে থাকা তরুণ এই ওপেনারের।

বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পোক্ত করেছেন তানজিদ হাসান। তার টেস্ট অভিষেকটাও ছিল সময়ের দাবি। প্রথম শ্রেণির ক্রিকেটেও তানজিদের পারফরম্যান্স যে বেশ ভালো। ২৫ ম্যাচ খেলে ৪০.৪২ গড়ে রান করছেন ১ হাজার ৭৯২। সেঞ্চুরি করেছেন ৫টি।

একদিকে তানজিদের এমন পারফরম্যান্স অপর দিকে টেস্টে বাংলাদেশের ওপেনারদের টানা ব্যর্থতা। দুই ওপেনার সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় রান পাচ্ছেন না অনেকদিন হলো। সিলেট টেস্টের আগে আবার চোটের কারণে ছিটকে যান সাদমান। দুই মিলিয়ে তানজিদের আজ টেস্ট অভিষেক হয়েই গেল।

বিজ্ঞাপন

আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত। আজ টেস্ট অভিষেকেও খেলছিলেন সেই আক্রমণাত্মক মেজাজেই। পাকিস্তানি বোলারদের যেখাবে সীমানা ছাড়া করছিলেন দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু তানজিদ ফিরলেন আবার রীতিমতো ‘আত্মহত্যা’ করে।

মোহাম্মদ আব্বাসের ভালো লেংথের বলটা কেন জানি মিড অনের ওপর দিয়ে তুলে মারতে গেলেন। বল বাতাসে ভেসে ক্যাচ হয়েছেন সেই আব্বাসেরই। ৩৪ বলে ৩ চারে ২৬ রানে থেমেছে তানজিদের অভিষেক ইনিংস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর