Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৭:৫৬

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও বেশ ভালো ব্যাটিং করছে। তবে টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের অনেক বড় একটা অংশ গেছে বৃষ্টির পেটে। যাতে মিরপুর টেস্টের ফল হবে কিনা শঙ্কা। বলা যেতে পারে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান চতুর্থ দিন শেষ করেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ১৭৯। হাতে আরও ৭টা উইকেট বলে লিডটা অনেক বড় করার সুযোগও আছে স্বাগতিকদের সামনে।

প্রথম ইনিংসে ৪১৩ রান তোলা বাংলাদেশ পাকিস্তানকে প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছিল ৩৮৬ রানে। পরে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলে কাল তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। কাল দিনের শেষ সেশনেও ছিল বৃষ্টির উপদ্রব। আজ সেটা বেড়েছে অনেকটা। আজ বৃষ্টির কারণে দিনের ৯০ ওভারের মধ্যে খেলা হয়েছে ৪৮.৪ ওভার।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন দুই ওপেনার। দলীয় ২৭ রানের মধ্যেই বিদায় দুই ওপেনার।

তবে তারপর প্রথম ইনিংসের মতো আবারও দাঁড়িয়ে যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক সৌরভ। তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রানের জুটি গড়েন দুজন। মুমিনুল  হক ৫৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এ নিয়ে টেস্টে টানা পাঁচ ইনিংস ফিফটি পেলেন মুমিনুল।

মুমিনুল ফেরার আগে মিরপুরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল লম্বা সময়। তবে ভারি বৃষ্টিতে মাঠে পানি জমে গেলেও মিরপুর স্টেডিয়ামের দারুণ ড্রেনেজ ব্যাবস্থার কারণে খেলা শুরু করা গেছে দ্রুতই। বৃষ্টির পর পূণরায় খেলা শুরু হওয়ার পরপরই মুমিনুল আউট হয়েছেন।

তারপর নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম দিনের বাকিটা সময় কাটিয়ে দিয়েছেন বিনা উইকেটে। প্রথম ইনিংসে দারুণ একটা সেঞ্চুরি পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিন শেষে ৫৮ রানে অপরাজিত। ১৬ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর