ইতিহাস গড়ে ফাইনালে গেলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের নারী হকি দলের। প্রথমবার খেলতে গিয়ে এশিয়ান গেমস হকি ইভেন্টের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
বুধবার জেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেভারিট চাইনিজ তাইপে নারী হকি দলের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও পরে ম্যাচ জিততে পারেনি।
ম্যাচের শুরুটা ছিল দারুণ আত্মবিশ্বাসী। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা পাল। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দল। রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দ্রুত ম্যাচে ফিরে আসে চাইনিজ তাইপে।
১৭তম মিনিটে সমতায় ফেরার পর প্রথমার্ধের শেষদিকে আরও একটি গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ। দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে, যার ফলশ্রুতিতে ব্যবধান বাড়িয়ে নেয় চাইনিজ তাইপে।
বাংলাদেশ বলের দখল ও পাসিংয়ে ভালো খেললেও স্ট্রাইকিং সার্কেলে গিয়ে কার্যকারিতা সেভাবে দেখাতে পারেনি। পেনাল্টি কর্নারেও বৈচিত্র্যের অভাব ছিল স্পষ্ট। ম্যাচে কনা আক্তার গোল করলেও তা আম্পায়ার বাতিল করে দেন, যা ম্যাচে ফেরার সম্ভাবনা আরও কঠিন করে তোলে। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।