নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে আজকের ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণে খেলতে নেমে সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুটা ছিল হতাশার। চরম ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দারুণ এক জুটিতে দুইশ পেরিয়েছে বাংলাদেশ।
এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস আউট হয়েছেন ৭৬ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন সাইফ হাসান। এরপর তানজিদ হাসান মাত্র ১ রান করে ফিরে গেলে ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত ও সৌম্য সরকার। তবে এই জুটিও বেশিক্ষণ টেকেনি। ১৮ রান করে আউট হন সৌম্য, ফলে আবারও চাপে পড়ে টাইগাররা।
এরপর চতুর্থ উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে ধৈর্য ধরে খেললেও সেট হওয়ার পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনই। কিউই বোলারদের ওপর চাপ তৈরি করে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ১৬০ রান।
একটা সময় মনে হচ্ছিল দুজনই হয়ত সেঞ্চুরি পেতে যাচ্ছেন। কিন্তু লিটন দাস ৭৬ রানের মাথায় আউট হয়ে সেই সম্ভবনা সত্যি হতে দেননি। ৯১ বল খেলে ৩টি চার ১টি ছয়ে এই রান করেন লিটন। শান্ত ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলেই নিয়েছেন। তবে সেঞ্চুরির পর শান্তও খুব বেশিদূর এগুতে পারেননি। ১১৯ বল খেলে ৯টি চার ২টি ছয়ে ১০৫ রান করে ফিরেছেন।
দুই সেট ব্যাটার ফেরার পর বাংলাদেশকে টানছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়।