বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত খুঁজতে ইতোমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে সাড়া দিয়ে দুই শতাধিক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
এ বিপুল সংখ্যক আবেদন থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করতে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। এই কমিটিতে রয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন, নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাসান কানন এবং ইকবাল হোসেন।
কমিটির দায়িত্ব সম্পর্কে হিলটন বলেন, ‘নির্বাহী কমিটির অন্যতম দুই সদস্য ছাইদ হাসান কানন ও ইকবাল হোসেন এবং আমাকে নিয়ে একটি বিশেষ কমিটি হয়েছে। আমরা এই সপ্তাহের মধ্যে কোচদের সিভি পর্যালোচনা করে একটি তালিকা করে ন্যাশনাল টিমস কমিটির কাছে প্রতিবেদন দেব।’
শুধু জাতীয় দলের কোচ নয়, বয়সভিত্তিক এবং গোলরক্ষক কোচের সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্বও পেয়েছেন তারা। হিলটন বলেন, ‘গোলরক্ষক কোচের জন্য প্রায় ৪০ ও যুব দলের জন্যও এই রকম সংখ্যক আবেদন আছে। জাতীয় দলের পাশাপাশি এগুলো আমরা সংক্ষিপ্ত তালিকা করব।’
সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাইকৃত কোচদের সাক্ষাৎকার শেষে বেতন ও অন্যান্য শর্তে সমঝোতা হলেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। সময়ের চাপও রয়েছে বাফুফের সামনে। আগামী ৫ জুন সান মারিনোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফলে হামজা-জামালদের নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে ফেডারেশনকে।