নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। তবে তরুণ পেসার শরিফুল ইসলাস দারুণ বোলিং করেছেন। ১০ ওভার বোলিং করে মাত্র ২৭ রান খরচ করে গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট এনে দিয়েছেন। দুর্দান্ত পারফর্ম করা শরিফুল কাল নাও খেলতে পারতেন!
কাল তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গে বাংলাদেশের পেস বিভাগে ছিল মোস্তাফিজুর রহমানের নাম। কিন্তু টসের আগে ওয়ার্মআপ করতে গিয়ে হাঁটুতে চোট পান মোস্তাফিজ। চোট বড় না হলেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি নেয়নি। মোস্তাফিজের বদলে একাদশে ডাকা হয় শরিফুল ইসলামকে।
শরিফুল ইসলাম জানালেন, টস হওয়ার দুই-এক সেকেন্ড আগে জানতে পারেন যে তিনি খেলছেন! আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক প্রশ্নে উত্তরে এই কথা জানান শরিফুল।
তরুণ পেসার বলেন, ‘টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে, আমি খেলব। রিশাদ (হোসেন) তখন বলল, “হয়তো তোমার রিজিকে আছে।” আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি, তারপর রান-আপ মেপেছি, ওয়ার্ম-আপ বোলিং করেছি। কাজেই আলহামদুলিল্লাহ… আল্লাহ রিজিকে রেখেছিল, তার জন্য আর কী…।’
নিউজিল্যান্ড ম্যাচের আগে শরিফুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৪ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে দীর্ঘদিন ওয়ানডেতে সুযোগ না মিললেও নিজেকে প্রস্তুত রাখছিলেন, বলেছেন শরিফুল।
দীর্ঘদেহী পেসার বলেন, ‘সবশেষ ওয়ানডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে (২০২৪ সালের ডিসেম্বরে)… তারপর একটা বিরতি ছিল। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। তবে আমি সব সময় বেসিক কাজগুলা করার চেষ্টা করি আর সুযোগ এলে ভালো করার চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করেছি। সুযোগটা যখন এসেছে, ভালো করার চেষ্টা করেছি।’
অনেকদিন পর ভাগ্যক্রমে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করলেন। তবে দল হেরেছে বলে নিজের হতাশা গোপন করেননি শরিফুল। বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করেছি, তবে দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে।’