‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর ১৬৩তম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে আগামীকাল। তবে আগের মতো এবারও আগেই প্রকাশ করা হয়েছে বর্ষসেরা ক্রিকেটারদের নাম। উইজডেনের নির্বাচনে ২০২৫ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্ট্রার্ক আর বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা।
মিচেল স্ট্রার্ক গত বছরের পুরোটা সময় জুরেই দারুণ বোলিং করেছেন। এক বর্ষপঞ্জিকায় ১১ টেস্টে ১৭.৩২ গড়ে ৫৫ উইকেট শিকার করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন, যেটা তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া ঐতিহাসিক অ্যাশেজ সিরিজেও ছিলেন উজ্জ্বল। প্রথম দুই টেস্টেই নেন ১৭ উইকেট এবং পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়ে অ্যাশেজে পার্থক্য গড়ে দিয়েছিলেন স্ট্রার্ক।
অন্যদিকে, ভারতের নারী দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা ছিলেন বছরজুড়ে আলোচনার কেন্দ্রে। ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পুরো টুর্নামেন্টে ২১৫ রান করার পাশাপাশি নেন ২২ উইকেট। নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৫৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট। ফাইনালে দীপ্তির পারফরম্যান্সের ওপর ভর করেই শিরোপা জিতেছে ভারত।
এবারের উইজডেনে বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ভারতীয়দের আধিপত্য ছিল স্পষ্ট। শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত ও মোহাম্মদ সিরাজ আছেন এই তালিকায়। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে শুভমানের ৪৩০ রানকে বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ধরা হয়েছে। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ধারাবাহিকতার জন্য অভিষেক শর্মা হয়েছেন লিডিং টি-টোয়েন্টি প্লেয়ার। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় পঞ্চমজন ইংল্যান্ডের হাসিব হামিদ।