Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল নিলাম: ঢাকায় শানাকা, দল পাননি শোয়েব মালিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২০:৪০

রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্লেয়ার্স নিলাম। ইতোমধ্যেই শেষ হয়েছে দেশি ক্রিকেটারদের নিলাম। এই মুহূর্তে চলছে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলামে বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলগুলোর আগ্রহ কম।

ভারতীয় জাতীয় দলের হয়ে একটা সময় নিয়মিত খেলা স্পিনার পিয়ূষ চাওলা বিপিএলের নিলামে নাম নিবন্ধন করেছিলেন। কিন্তু নিলাম থেকে তাকে কিনেনি কোনো দল। দল পাননি পাকিস্তানি তারকা শোয়েব মালিকও। এছাড়া পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলি আগা, শান মাসুদ, দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেলরাও দল পাননি।

তবে চড়া দামে দাশুন শানাকাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৫৫ হাজার ডলারে লংকান ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা। অপর শ্রীলংকান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ৩৫ হাজার ডলারের ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে সিলেট। লংকান ক্রিকেটার নিরোশান ডিকওয়েলাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

বিজ্ঞাপন

বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের নিলাম। টুর্নামেন্টের প্রথম দুই আসর অবশ্য নিলামই হয়েছিল। তবে তৃতীয় আসর থেকে প্লেয়ার ড্রাফটের পদ্ধতিতে হাঁটে বিসিবি। সেক্ষেত্রে পছন্দের খেলোয়াড় কেনার বিষয়টি নির্ভর করত অনেকটা ভাগ্যের ওপর।

একদশ বিপিএল পর্যন্ত চলেছে সেই ড্রাফট পদ্ধতি। এবার আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। এতে একজন খেলোয়াড়কে কেনার সুযোগ থাকবে সব ক্লাবের। প্লেয়ারকে সেই দলই পাবে সে টাকার অঙ্কটা বেশি হাঁকাতে পারবে।

নিলামের আগেই দলগুলো অবশ্য একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছেন। নিয়ম অনুযায়ী নিলামের বাইরে মোট চারজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ নিয়ে মোট ২৩ জন ক্রিকেটারের সঙ্গে আগেই চুক্তি করে ফেলেছে দলগুলো।

 সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর। আজ নিলামে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর