Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাকিরার ‘দাই দাই’ গান: মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ১৫ মে ২০২৬ ২২:০৪

কলম্বিয়ান তারকা শাকিরা।

ঢাকা: বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে মুক্তি পেল প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ‘দাই দাই’ গানটি। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মাত্র এক সপ্তাহ আগে প্রথম মঞ্চায়নের পর এবার গানটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

শুক্রবার (১৫ মে) গানটির মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানায়, ‘দাই দাই’ থেকে অর্জিত রয়্যালটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সংস্থাটির লক্ষ্য, টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা, যা বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। আর ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই মহাযজ্ঞের।

ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইম শোতে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস। আয়োজকদের আশা, এই পরিবেশনা দর্শক-ভক্তদের জন্য হয়ে উঠবে এক স্মরণীয় মুহূর্ত।

বিশ্ব ফুটবলের মঞ্চে কলম্বিয়ান তারকা শাকিরা নতুন মুখ নন। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ থিম সংয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন। এ ছাড়া, ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও এই তারকার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব।

এবার ‘দাই দাই’-এর সুরে আবারও বিশ্বকাপের আকাশে ভেসে উঠছে নতুন আবেগ, নতুন ঢেউ—যেখানে ফুটবল ও সংগীত মিলেমিশে তৈরি করছে এক বৈশ্বিক উৎসবের সুরধারা।

সারাবাংলা/ইউজে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর