Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতিত স্বৈরাচার নীল নকশা নিয়ে মাঠে নেমেছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৭:৪৮ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ২১:৩১

ফাইল ছবি

ঢাকা: ‘পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, তথা বিজয়ী ছাত্র জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, তথা বিজয়ী ছাত্র জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। একইসঙ্গে এ সব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে ব্যাপকভাবে।’

বিজ্ঞাপন

‘বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেলসহ সোস্যাল মিডিয়ার প্লাটফর্ম ব্যবহার করছে একটি চিহ্নিত মহল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপসানালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সকল শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে লেগেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আশাকরি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সব নাগরিক এ বিষয়ে সজাগ আছেন। আমাদের দল বিএনপি এরইমধ্যে সাধ্যমত সব পদক্ষেপ গ্রহণ করেছে। দলের নাম ব্যবহার করে যারাই এই ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার স্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলুন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার, দেশপ্রেমিক প্রতিরক্ষা, প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করুন, দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়ান।’

সারাবাংলা/এজেড/একে
বিজ্ঞাপন

আরো