Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন ড. মুহাম্মদ ইউনূস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৬:৫৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ১৯:৩৭

রংপুর: রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় তিনি আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে একটি হেলিকপ্টারযোগে আসবেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, `এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটি কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোনো যুবক, কোনো যুবতি হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশ-ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পরিবারের আশা ছিল, বিসিএস ক্যাডার হয়ে আবু সাঈদ পরিবারের হাল ধরবে।

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু সাঈদ। নয় ভাই বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবচেয়ে ছোট।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো