Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ২ জুন ২০২৪ ১৩:৩৬

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চঞ্চল রায় (৩০) ও রিপন (৩৫) নামের দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে চঞ্চল রায় (৩০) ও রিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)।

স্থানীয়রা জানান, রাজধানীর মোহাম্মদপুরে মাছ ডেলিভারি দিয়ে পিকআপটিতে চালকসহ তিনজন ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিলেন। পথে জৈনাবাজার এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান চঞ্চল রায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রিপন ও মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিপনকেও মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মামুনকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ