চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) বিষয়ের দ্বিতীয় ব্যাচের চূড়ান্ত থিসিস পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে ‘বাউবি-এমপিএইচ শিক্ষার্থী কল্যাণ পরিষদ’।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীতে বাউবির আঞ্চলিক কেন্দ্রের সামনে পরিষদের পক্ষ থেকে এ দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর বাউবি চট্টগ্রাম অঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফরিদুল আলমের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
সভায় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এমপিএইচ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। গত ২১ মে আমরা চতুর্থ সেমিস্টারের থিসিস মূল্যায়ন পরীক্ষায় অংশ নেই। আমাদের সঙ্গে প্রথম ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নেয়। সব মিলিয়ে ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়েছি। কিন্তু গত ২৭ আগস্ট শুধুমাত্র তৃতীয় ব্যাচের ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সময়ে একই পরীক্ষায় অংশগ্রহণ করার পরও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়ায় আমরা বিস্মিত। এর কোনো যৌক্তিক কারণ আমাদের বোধগম্য হচ্ছে না।’
তারা বলেন, ‘আমরা কোভিড অতিমারির শিকার হয়ে আমাদের শিক্ষাজীবন থেকে পাঁচ বছর হারিয়েছি। এরপর পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশে বিলম্বের কারণে আমরা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা থিসিস মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করার আকুল আবেদন জানাচ্ছি। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কিছু করণীয় আছে কি না সেটাও আমরা স্পষ্টভাবে জানতে চাই।’
পরিষদের আহ্বায়ক ড. আরিফ বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে এমপিএইচ’র শিক্ষার্থী জিনিয়া কালাম, এ কিউ এম জিসানুর রহমান, সঞ্জয় কান্তি নাথ, সফিউল ইসলাম, খোকন কান্তি বিশ্বাস, আরিফুল ইসলাম, নুসরাত শারমিন বক্তব্য দেন।