ঢাকা: সুপ্রিম কোর্টের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্ন লিখিতভাবে নির্ধারণ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি:
রোববার থেকে বৃহস্পতিবার: সকাল ৯টা হতে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত। (দুপুর ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)।
অফিসের সময়সূচি:
রোববার থেকে বৃহস্পতিবার: সকাল ৮টা হতে বিকালে ৩টা পর্যন্ত। (দুপুর ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি সহ)
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পালন করা হবে।
অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ আগস্ট হতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নলিখিতভাবে নির্ধারণ করা হয়েছে:
অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের জন্য
কোর্টের সময়সূচি: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত। (দুপুর ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)।
অফিসের সময়সূচি: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত। (অপরাহ্ন ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি)।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে পালন করা হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত রেখে অফিস সময়সূচি আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছেন।