বগুড়া: নিজের ইউটিউব চ্যানেলে কবরের অনুভূতি জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার দুই ভাই। তাদের মধ্যে একজন সারারাত কবরেই কাটিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২২ আগস্ট) সকালে তাদের আটক করে পুলিশ। তারা হলেন- আবু হাসান মিলন (২৮) ও মিজানুর রহমান মিলন (২৪)। দুজনই পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পন্ন করেছেন।
পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলার রাঁধানগর পশ্চিম পাড়ার মোকছেদ আলীর তিন ছেলের মধ্যে ২ ছেলে পলিটেকনিকে ডিপ্লোমা এবং অপরজন বিএসএসসি ইঞ্জিনিয়ার। বড় ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন জনের মধ্যে ছোট মিজানুর রহমান রনি একটি ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন সময় ভিডিও আপলোড করেন। রনির চিন্তায় আসে কবর খুঁড়ে ভেতরে ২৪ ঘণ্টা কাটিয়ে এ সংক্রান্ত ভিডিও ইউটিউবে ছাড়লে দর্শক বাড়বে এবং কবরের অভিজ্ঞতা হবে। এই ভেবে বাড়ির উঠোনেই কবর তৈরি করেন তারা। সেখানে বাতাস প্রবেশের জন্য দুইপাশে মোটা পাইপ প্রবেশ করিয়ে ছোট ফ্যান দিয়ে ভেতরে বিদ্যুৎ সংযোগ দেন। এরপর বিছানা, মোবাইল ফোন ও ভিডিও নিয়ে রনি রোববার রাত ১১টার দিকে কবরে নামেন। অন্য ভাই আবু হাসান মিলন কবরে মাটি চাপা দিয়ে ওপর থেকে ভিডিও ধারণ করতে থাকেন। কবরের অভিজ্ঞতা অর্জন করতে নেমে ভেতরে রনি একটু ঘুমিয়েও নেন বলে পুলিশকে জানিয়েছেন। এদিকে কবরে থাকার বিষয়টি সোমবার সকালে লোকজন জানতে পেরে সেখানে ভিড় জমান। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়। খবর পেয়ে শাজাহানপুর থানার এসআই শামিম হোসেন ঘটনাস্থলে গিয়ে কবরের ভিতর থেকে রনিকে ও বাইরে থাকা অপর ভাই আবু হাসানকে থানায় নিয়ে আসেন।
পুলিশকে রনি জানিয়েছে, কবরের ভেতর ২৪ ঘণ্টা থাকার ইচ্ছে ছিল।
শাজাহানপুর থানার ওসি জানান, ইউটিউব চ্যানেলের ভিউয়ার বাড়ানোর জন্য ব্যতিক্রমধর্মী ভিডিও তৈরি করে আপলোড করার জন্য দুই ভাই কবর খুঁড়ে একজন ভেতরে রাত কাটান।