Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমন ধানের ফলন ভালো, দামও বেশি

এমদাদুল হক তুহিন সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১০:৩৬

কৃষক পরিবারগুলোর সব সদস্যকেই কাটাতে হচ্ছে ব্যস্ত সময়

ঢাকা: দেশের গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়েছে পাকা আমনের গন্ধ। উৎসবের আবহে কৃষকের সঙ্গে ধান কাটায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। ফসলের মাঠে চলছে আমন ধান কাটার উৎসব।

এখন পর্যন্ত ৩৩ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। চলছে আমনের মাড়াই কার্যক্রম। এবার আমনের উৎপাদন বেশ ভালো হয়েছে। ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। হাজার টাকা মণে ধান বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরও এবার লক্ষ্যমাত্রার চেয়ে আমনের উৎপাদন বেশি হওয়ার প্রত্যাশা করছে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ সারাবাংলাকে বলেন, এবার ফলন খুব ভালো হয়েছে। ইতোমধ্যেই এক তৃতীয়ংশ জমির ধান কাটা শেষ হয়ে গেছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে আমানের আবাদ বেশি হয়েছে। আশা করছি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, উৎপাদনও তারচেয়ে বেশি হবে।

বিজ্ঞাপন

মাড়াইয়ের পর বস্তায় উঠছে মাঠে ফলানো সোনা

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার আমন চাষে ১ লাখ ৭৫ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছিল। নতুন জাতে প্রাধান্য দেওয়া হয়েছে। হাইব্রিড আবাদে প্রণোদনা দেওয়া হয়েছে। তাই এবার ফসলের উৎপাদন ভালো হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের তথ্যমতে, লক্ষ্যমাত্রা ছিল ৫৫ লাখ ৫৭ হাজার হেক্টর। আবাদ হয়েছে ৫৫ লাখ ৮৯ হাজার ৮১২ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার ১১ শতাংশ বেশি জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে ১৮ লাখ ৮১ হাজার ৫১৮ হেক্টর জমির ধান।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় আমনের উৎপাদন ভালো হয়েছে। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ২২০ টন। কৃষি কর্মকর্তারা বলছেন, লক্ষ্যমাত্রার চেয়েও এবার উৎপাদন বেশি হতে পারে।

অগ্রহায়ণের বিকেলের নরম রোদে ফসলের সুঘ্রাণ দিচ্ছে নবান্নের ডাক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃষক মোস্তফা সারাবাংলাকে বলেন, পুরোদমে মাঠে এখন আমন ধান কাটা চলছে। ধান কেটে মাঠেই রাখা হচ্ছে। কোনো কোনো ক্ষেতের ধান বাড়ির উঠানে উঠানো হচ্ছে। অন্যবারের তুলনায় উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানের দামও ভালো। হাজার টাকা মণে ধান বিক্রি হচ্ছে।

প্রায় অভিন্ন তথ্য জানিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হরশী গ্রামের কৃষক হিমেল। তিনি সারাবাংলাকে বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। তবে মাড়াই এখনও পুরোদমে শুরু হয়নি। যেসব জমির ধান উঠেছে সেখানে ভালো ফলন পাওয়া গেছে। উনপঞ্চাশ ধান হাজার টাকা মণে বিক্রি হচ্ছে। আর হাইব্রিড ধান বিক্রি হচ্ছে ৯০০ টাকা মণে।

জানতে চাইলে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামের কৃষক মো. শহীদুল্লাহ সারাবাংলাকে বলেন, ধান কাটা শেষ করেছি। ক্ষেতেই রাখা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় আমনের উৎপাদন ভালো হয়েছে। আমাদের এখানে ৪৮ কেজির মণপ্রতি ধান বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। ধানের দামও ভালো রয়েছে। নীলফামারীর কৃষক দৃজেনও একই রকম তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের এখানে বস্তা (৭৫ কেজি) ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ধানের দাম মোটামুটি ভালো আছে।

সারাবাংলা/ইএইচটি/এএম
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

এমদাদুল হক তুহিন - আরো পড়ুন