চিঠি লেখা যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে বাঙালির হৃদয়ের গভীর আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসা চিঠি আকারে প্রকাশ করার এই সুযোগ করে দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস)।
সংগঠন সূত্র জানায়, ‘বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা’ শীর্ষক ব্যানারে আয়োজিত এই প্রতিযোগিতায় চিঠি পাঠানোর শেষ তারিখ আগামী ১৭ আগস্ট । সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতাটি করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনেই অনুষ্ঠিত হবে।
সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে বাংলা ভাষায় চিঠি লিখতে হবে। লেখার শেষে নিজের নাম, ঠিকানা, পেশা, প্রতিষ্ঠান, ফোন নম্বর উল্লেখ করতে হবে। চিঠি সরাসরি ডিইউসিএসের মেইলে (ducsbd@gmail.com) অথবা সংগঠনের ফেসবুক পেইজের ইনবক্সে পাঠানো যাবে।
প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপ থেকে ৫ জন এবং সিনিয়র গ্রুপ থেকে ৫ জন, মোট ১০ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীন মাটিতে ফুটিয়েছিলেন মুক্তির রঙিন ফুল। তিনি সর্বকালের, সব প্রজন্মের। আজ স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে এসে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই আমরা। জানতে চাই নতুন প্রজন্ম জাতির পিতাকে নিয়ে কী ভাবছে, জাতির পিতা বেঁচে থাকলে তার কাছে কি আশা আকাঙ্ক্ষার কথা জানাতো এই প্রজন্ম। নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে চাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এ আয়োজন।