ঢাকা: দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি ও ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারণার দায়ে করা মামলায় গ্রেফতার ইশরাত রফিক ঈশিতা নামের এক চিকিৎসকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তার সহযোগী শহিদুল ইসলাম দিনারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সোমবার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার আদালত এই রিমান্ডের আদেশ দেন। একইসঙ্গে ঈশিতার কারাবিধি মোতবেক চিকিৎসার বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিন এই দুই আসামির তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মাসুদ রানা আদালতে হাজির করে শাহআলাী থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন।
আরও পড়ুন: চিকিৎসক ইশরাত ও তার সহযোগী ৬ দিনের রিমান্ডে
প্রতারণার অভিযোগে চিকিৎসক ইশরাতের বিরুদ্ধে ৩ মামলা
ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারক ডা. ইশরাত র্যাবের জালে ধরা
ওই আবেদন বলা হয়, গত ১ আগস্ট রাজধানী মিরপুর সংলগ্ন গোলচত্তরে র্যাবের উপস্থিতির টের পেয়ে মাদকসহ আসামিগণ পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব কর্মকর্তারা তাকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়— আসামি ঈশিতা ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর বলে পরিচয় দেয়। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে জানায়, তারা আসলে সেনাবাহিনীর সদস্য না। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সনদ, ভুয়া প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম ও র্যাংক ব্যাচ উদ্ধার করে র্যাব। আসামিরা বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের ঘটনাট সত্যতা পাওয়া গেছে।
গত ২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিদের পৃথক দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ আগাস্ট রাতে রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। ইশরাত নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া। এই ঘটনায় তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।