Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ: সয়াবিন ১৩৫, পামওয়েল ১০৪ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের দাম স্থিতিশীল রাখতে অভিন্ন মূল্য পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্য তেলের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশকবিষয়ক জাতীয় কমিটির সভায় নতুন মূল্যের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতিলিটার সয়াবিন (খোলা) মিলগেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা। এছাড়া প্রতিলিটার বোতলের সয়াবিন মিলগেটে ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। প্রতিলিটার পাম সুপার (খোলা) মিলগেট মূল্য ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বিক্রয় মূল্য ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে প্রতি পাঁচ লিটার বোতলের সয়াবিন মিলগেট মূল্য ৫৯০ টাকা, পরিবেশক মূল্য ৬১০ টাকা এবং খুচরায় ৬৩০ টাকা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সকল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত মজুত সৃষ্টি করতে হবে, যাতে কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট না হয়। এজন্য সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেবে। এছাড়া আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত সভা করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে।’

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বিএফটিআই’র পরিচালক মো. ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম