ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ইমেজ অত্যান্ত পরিচ্ছন্ন। তাই, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যান্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ অত্যান্ত আগ্রহ ভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান পার্টি চেয়ারম্যান।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের তরুণ সমাজের সামনে জাতীয় পার্টি অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া সমাজে ক্লিন ইমেজের বিশিষ্টজনরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ অব্যাহত রেখেছে। জাতীয় পার্টির সামনে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। প্রতিটি ইউনিটে জাতীয় পার্টিসহ সব অঙ্গ ও সহযোগি সংগঠনকে শক্তিশালী করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, নাসরিন জাহান রতনা, নাজমা আখতার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, শফিকুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মেজবাহ।