Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা


১৭ এপ্রিল ২০১৯ ০৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার টিকিকাটা আব্দুল ওহাব মহিলা দাখিল মাদরাসার সহকারী মৌলভী (আরবি) শিক্ষক নূর মোহাম্মাদের (৫৫) বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আরবি ক্লাস চলাকালে বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রায় নারীদের চলাফেরা এবং পোশাক নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন। এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করায় নূর মোহাম্মাদ ক্ষুদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। ফের প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করে ঘাড় ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দেন নূর মোহাম্মাদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে টিকিকাটা আব্দুল ওহাব মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. বেলায়েত হোসেন সারাবাংলাকে বলেন, ওই ছাত্রীর অভিভাবক মৌখিক অভিযোগ করেছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক নূর মোহাম্মাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে কথা বলতে নূর মোহাম্মাদের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সারাবাংলা/এটি