Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারভুক্তির দাবিতে মানববন্ধন


১০ এপ্রিল ২০১৯ ১৭:৪২ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৭:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি, রাবি ও বেরোবি: লোকপ্রশাসন বিভাগকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১০ এপ্রিল) তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।

চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর পাস করে বের হচ্ছে। পাশ করে দেশের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করলেও বিসিএসে শিক্ষা ক্যাডার অন্তর্ভুক্ত না থাকায় বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছে।’

বিজ্ঞাপন

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফজলে আজিম রনি বলেন, ‘লোকপ্রশাসন বিভাগটি বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলে বিভাগের স্বার্থকতা বৃদ্ধি পাবে। কলেজের শিক্ষার্থীরা এই বিষয়ে সম্পর্কে জেনে নানারকম  উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে।

এছাড়াও মানবন্ধনে বক্তব্য রাখেন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন, সহকারী অধ্যাপক মোরশেদুল হক। এছাড়া মানবন্ধনে প্রায় দেড়শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু রয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী এই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করলেও চাকরির ক্ষেত্রে তাদের নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। এছাড়া সরকারি কলেজ পর্যায়ে এ বিষয়টি না থাকায় বিসিএস শিক্ষা ক্যাডার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই, অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘লোকপ্রশাসন বিভাগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়ে আসছে। প্রতিবছর একটি উল্লেখযোগ্য অংশ বিসিএস (প্রশাসন) ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে এবং অন্যান্য স্থানের চাকরিতে অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু দীর্ঘদিন হতে আমরা লক্ষ্য করে আসছি যে, কলেজগুলোতে লোকপ্রশাসন বিষয় নেই এবং খোলার কোনো উদ্যোগও নেই। ফলে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় হওয়া সত্ত্বেও শুধুমাত্র কলেজগুলোতে এই বিষয় না পড়ানোর কারণে অনেক মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা করে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারছে না।’

সারাবাংলা/সিসি/এএসএস/আরএইচএস/এমআই