প্রাথমিক শিক্ষক নিয়োগ পদে নারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে পুরুষ প্রার্থীদের সমান করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) এই পদে প্রার্থী হওয়ার জন্য নারী ও পুরুষ উভয়কেই সমান ডিগ্রী অর্জনের বিধান রেখে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এতদিন প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছিল উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের ডিগ্রি। পুরুষদের জন্য ছিলো দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
নতুন বিধিমালা অনুসারে, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেতে হলে নারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এছাড়া শিক্ষক নিয়োগে কোটায় (নারী, পুরুষ ও পোষ্য) হওয়া ২০ শতাংশ প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বিজ্ঞান ডিগ্রিধারী প্রার্থীদের দিয়ে ২০ শতাংশ কোটা পূরণ করা না গেলে তা মেধার ভিত্তিতে নিয়োগ করা যাবে।
নতুন বিধিমালা অনুযায়ী, আগের মতোই ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য এবং ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পদগুলো পূরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়াও হবে উপজেলা বা থানা ভিত্তিক।
সারাবাংলা/টিএস/আরএ