Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার ঘটনা ‘লাইভ’ করেছিল বন্দুকধারী


১৫ মার্চ ২০১৯ ১২:০৩ | আপডেট: ১৫ মার্চ ২০১৯ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক মসজিদে হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করেছিল এক বন্দুকধারী। খবর দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের।

ভিডিওটিতে দেখা যায়, একটি গাড়ির চালকের আসন থেকে নেমে গাড়ির পেছন থেকে একটি বন্দুক নিয়ে মসজিদের গেট দিয়ে প্রবেশ করে বন্দুকধারী। মসজিদের ভেতর ঢুকে এলোপাথারিভাবে মুসুল্লিদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে।

ভিডিওটিতে হামলাকারী দাবি করেছে, এটি একটি সন্ত্রাসী হামলা। এছাড়া, ভিডিওর পাশাপাশি হামলার উদ্দেশ্য নিয়ে অনলাইনে একটি ইশতেহারও প্রকাশ করেছে সে।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিওটি সম্পর্কে অবগত। ভিডিওটি সরিয়ে ফেলার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভিডিওটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়েছে। বিভিন্ন গণমাধ্যম অনুসারে, মৃতের সংখ্যা নয় জন থেকে ২৭ জন। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে।

উল্লেখ্য, এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডারন জানিয়েছেন, হতাহতের ঘটনা ঘটেছে। এটা নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম কালো দিন।

নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, সব মিলিয়ে ক্রাইস্টচার্চের তিনটি জায়গায় হামলা হয়েছে ও স্ট্রিকল্যান্ড সেইন্টে একটি গাড়িবোমার সন্ধান করছে পুলিশ। হামলার মধ্যে লিনউডের এক মসজিদে দ্বিতীয় এক বন্দুকধারী হামলা চালিয়েছে।

অস্ট্রেলিয়ান আটক

এদিকে, এই সিরিজ হামলার ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। এদের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, আটককৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক। এখন থেকে এই ঘটনার তদন্তে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষও কাজ করবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের মধ্যাঞ্চল ও শহরতলী লিনউডের দুই মসজিদে হামলা চালিয়েছে দুই পৃথক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, এখনও সক্রিয় থাকতে পারে অপর এক বন্দুকধারী। এক বিবৃতিতে, সকল দেশবাসীকে কোনো মসজিদের নিকটে না যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় পুলিশ কমিশনার মাইক বুশ।

প্রসঙ্গত, জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে ক্রাইস্টচার্চের মসজিদে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরে থাকা তামিম ইকবালসহ বাংলাদেশ ক্রিকেট দলের একাধিক সদস্য। তবে মসজিদে প্রবেশের আগেই গুলির আওয়াজ শুনে দ্রুত ওই স্থান ত্যাগ করেন তারা।

সারাবাংলা/আরএ