Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু ও হল সংসদ নির্বাচন, আচরণবিধির জন্য কমিটি


১৯ জানুয়ারি ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৪:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সাত সদস্য বিশিষ্ট ‘আচরণবিধি প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চিফ রিটার্নিং অফিসারকে সহায়তার জন্য পাঁচজন রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান এই কমিটি গঠন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক নাসরীন আহমাদ সারাবাংলাকে বলেন, ‘কমিটির প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের আয়োজন করা। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে এই কমিটি সজাগ দৃষ্টি রাখবে।’

বিজ্ঞাপন

আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্যরা হলেন- আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম (এমএম আকাশ) এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

নতুন নিযুক্ত পাঁচজন রিটার্নিং অফিসার হলেন- মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন নিয়ে রিটের পর উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছিলো। পরে ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে চেম্বার আদালত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেন।

পরবর্তীতে ১৫ মার্চ ডাকসু নির্বাচন হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, ২০১৯ সালের মার্চের ভেতরে নির্বাচন শেষ করার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/ওএম/আরএ