Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে অপ্রীতিকর ঘটনা, ৪ ঘণ্টা অচল চট্টগ্রাম কাস্টম


১২ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: সিলেটের তামাবিল স্থলবন্দরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে চার ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেছেন চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা। এতে শুল্কায়ন, নথিপত্র সরবরাহসহ সার্বিক কার্যক্রম বন্ধ হয়ে চার ঘণ্টা কার্যত অচল ছিল চট্টগ্রাম কাস্টম হাউজ।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিরতি চলার সময় কর্মকর্তারা নিজ নিজ অফিস ছেড়ে কাস্টম হাউজের নিচে এসে অবস্থান নেন।

অন্যদিকে, কাস্টমস হাউজে আসা শিপিং এজেন্ট প্রতিনিধি, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টদের প্রতিনিধি এবং পণ্য ছাড় করাতে আসা লোকজন ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফির্সাস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন এই কর্মসূচির ডাক দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদ শামীম সারাবাংলাকে বলেন, ‘পাঁচদিন আগে তামাবিল শুল্ক স্টেশনে শুল্ক কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে সর্বাত্মকভাবে কর্মকর্তা-কর্মচারীরা চার ঘণ্টার কলম বিরতি পালন করেছেন। এসময় কাস্টম হাউজে কোনো কাজ হয়নি।’

এদিকে কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হাজারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তামাবিলের ঘটনাকে ন্যাক্কারজনক হামলা অভিহিত করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

গত ৭ ডিসেম্বর সিলেট ভ্যাট কমিশনারেটের অধীন তামাবিল শুল্ক স্টেশনে বিজিবি সদস্যদের সঙ্গে কাস্টম কর্মকর্তাদের অপ্রীতিকর ঘটনা ঘটে। ভারত থেকে আসা তিন শিক্ষার্থীকে তল্লাশি করা নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সারাবাংলা/আরডি/এমও