ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়ার ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত এবং ব্যাংক-সংশ্লিষ্ট মামলায় আইনজীবী পরিবর্তনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বৃহস্পতিবার(১৩ আগস্ট) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়।
বৈঠক শেষে ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী বলেন, ‘আজকের মিটিংটা কোনো ফরমাল মিটিং ছিল না। আমরা ভারপ্রাপ্ত এমডিকে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।’
তিনি বলেন, দুদকে করা অভিযোগের তদন্তে প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তরের সঙ্গে যুক্ত ছিলেন ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলী। ওই ঘটনায় তাকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অধ্যাপক নুরুন্নবী বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে করা অভিযোগের প্রয়োজনীয় নথিপত্র যিনি হস্তান্তর করেছেন, তাকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রাহক সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি তারা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন।
গ্রাহক ফোরামের আহ্বায়ক বলেন, ইসলামী ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় ব্যাংক-সংশ্লিষ্ট মামলাগুলো যাতে দ্রুত ও যথাযথভাবে পরিচালিত হয়, সে বিষয়েও তারা গুরুত্ব দিয়েছেন।
বৈঠকে ব্যাংক-সংশ্লিষ্ট মামলায় আইনজীবী পরিবর্তনের বিষয়টিও তোলা হয়। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের পক্ষ থেকে চলমান মামলাগুলোতে আইনজীবী পরিবর্তন করে নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে গ্রাহক ফোরাম। তাদের আশঙ্কা, এতে চলমান মামলাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ছাড়া ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের দাবিও জানিয়েছে গ্রাহক ফোরাম। অধ্যাপক নুরুন্নবী বলেন, দ্রুত পরিচালনা পর্ষদ গঠন না হলে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে।
তিনি বলেন, ‘আমরা কয়েকটি বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এর মধ্যে কর্মকর্তা বরখাস্ত, মামলার কার্যক্রম ও আইনজীবী পরিবর্তন এবং দ্রুত পরিচালনা পর্ষদ গঠনের বিষয় রয়েছে।’
মোহাম্মদ ইয়াসীন আলীকে চাকরিচ্যুত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নুরুন্নবী বলেন, তাকে চাকরিচ্যুত করা হয়নি। এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলী। ওই অভিযোগের পর তাকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় গ্রাহক ফোরাম উদ্বেগ প্রকাশ করে।