ঢাকা: বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বাড়াতেও সহায়তা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসপিডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠন, ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং সামগ্রিক আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংকখাতসহ দেশের সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। আর্থিক খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এ সময় এডিবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রমের প্রতি সংস্থাটির সমর্থনের কথা জানান। তিনি সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়।
বাংলাদেশ ব্যাংক ও এডিবির এই সহযোগিতা ব্যাংকিং খাতের সংস্কার ও পুনর্গঠন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, মূলধন শক্তিশালীকরণ এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের সহায়তা কার্যকর হতে পারে।