ঢাকা: চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিকে মাসিক সম্মানি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃ কগঠিত সংশ্লিষ্ট সেলের সপ্তম সভায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানি দিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম বছরে মোট ধর্মীয় প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী চার বছরে শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে।
চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, ৩ হাজার মন্দিরের ৬ হাজার, ৭৫২টি বৌদ্ধ বিহারের ১ হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন এ সুবিধা পাবেন।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকদের মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের ৩ হাজার টাকা এবং মসজিদের খাদেমদের ২ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে। এছাড়া প্রত্যেক উপকারভোগী বছরে ২ হাজার টাকা উৎসব ভাতা পাবেন।
উপকারভোগীদের চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে এসব অর্থ দেওয়া হবে।
তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত মোট ১৩ হাজার ৯৪৯ জনকে সম্মানি দেওয়া হয়েছিল।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।