ঢাকা: সরকারের ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (পুনঃইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২১ জুলাই)। বাংলাদেশ ব্যাংকে এ নিলাম অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ জুলাই)বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এ–সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলামে ১০ বছর মেয়াদি (অবশিষ্ট মেয়াদ ৯ দশমিক ৩৩ বছর) ট্রেজারি বন্ড পুনঃইস্যু করা হবে। বন্ডটির মূল ইস্যুর তারিখ ১৯ নভেম্বর ২০২৫ এবং মেয়াদ শেষ হবে ১৯ নভেম্বর ২০৩৫। এ বন্ডের কুপন হার ১০ দশমিক ৩৯ শতাংশ এবং আইএসআইএন (ISIN) নম্বর BD0935191108।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পুনঃইস্যু নিলাম মূল্যভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষে সংশ্লিষ্ট প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।
নিলামে অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ডের জন্য প্রস্তাবিত মূল্য (Price) এবং ক্রয়ের পরিমাণ উল্লেখ করে ২১ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত FMI–এর মাধ্যমে বিড জমা দিতে হবে।
তবে বিশেষ কোনো পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমোদন সাপেক্ষে আগের মতো সিলগালা খামে বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সরকার বাজেট ঘাটতি অর্থায়ন এবং অভ্যন্তরীণ উৎস থেকে দীর্ঘমেয়াদি ঋণ সংগ্রহের জন্য নিয়মিতভাবে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের নিলাম আয়োজন করে। পুনঃইস্যুর মাধ্যমে বিদ্যমান বন্ডের পরিমাণ বাড়ানো হলে বাজারে ওই বন্ডের লেনদেন ও তারল্যও বৃদ্ধি পায়।