ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ জুলাই) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। মূলত বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে এই মূল্য সংশোধনের ঘটনা ঘটেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ১৯৭ ও ২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই-তে ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৪৮ কোটি টাকা কম।
আগের দিন ডিএসই-তে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। এই দিনে ডিএসই-তে ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এর মধ্যে ১০৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে, ২৪০টির কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, সার্প ইন্ডাস্ট্রি, বিএসআরএম স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা ইন্স্যুরেন্স, বিএসসি, এসিআই, সামিট পোর্ট ও ফার ইস্ট নিটিং।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-তে হাতবদল হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির শেয়ার দর বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ২৬টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
রোববার সিএসই-তে ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসই-তে ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।