ঢাকা: যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ফার্নবরো আন্তর্জাতিক এয়ারশো-২০২৬-এ অংশ নিতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে আজ ১৯ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদসহ পাঁচ কর্মকর্তা অংশ নিচ্ছেন। সফরের পুরো ব্যয় বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ও সোমবার (১৩ জুলাই) এ সংক্রান্ত বিমানের দুটি দাফতরিক চিঠি পাওয়া গেছে।
চিঠি অনুযায়ী, চলতি মাসের ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত যুক্তরাজ্য সফরে থাকবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ। তার সঙ্গে সফরে যাচ্ছেন ফ্লাইট অপারেশনস পরিচালক ক্যাপ্টেন এ কে এম আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিচালক এয়ার কমোডর মো. মনজুর ই আলম, করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিচালক এম. মাসুদুর রহমান এবং করপোরেট প্ল্যানিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেন।
জানা গেছে, প্রতিনিধিদলের বিমান ভাড়া, হোটেলে থাকা, দৈনিক ভাতা (ডিএ) ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ পুরো খরচ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সব মিলিয়ে এ সফরে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হতে পারে। ফার্নবরো আন্তর্জাতিক এয়ারশো বিশ্বের অন্যতম বৃহৎ বেসামরিক ও সামরিক বিমান চলাচলবিষয়ক প্রদর্শনী।
উল্লেখ্য, দুই বছর পরপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত এ আয়োজনকে বৈশ্বিক বিমান শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিমান নির্মাতা প্রতিষ্ঠান, এয়ারলাইন্স, বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিমান খাতসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।