Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিটি গ্রুপ চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৬:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৯:১৩

– ছবি : সারাবাংলা

ঢাকা: সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাসহ মামলার সব ধরনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

রোববার (১৯ জুলাই) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সিটি গ্রুপের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, গত ৭ জুলাই সময় টেলিভিশনের বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে ওই পরোয়ানাসহ মামলার সার্বিক কার্যক্রম স্থগিত থাকছে।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। নির্ধারিত শুনানির দিনে অভিযুক্তরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অপর আসামিরা হলেন— সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।

শুনানির সময় অভিযুক্তপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও নিম্ন আদালত সেই আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে আদালত মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন।