জুলাই গণ-অভ্যুত্থানে সরকারি তিতুমীর কলেজের একমাত্র শহীদ মামুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে বাঁধন তিতুমীর কলেজ ইউনিট।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও বৃষ্টির কারণে পরে তা বিজ্ঞান ভবনের নিচে বাঁধনের নিজস্ব কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়।
তিতুমীর কলেজের বাঁধন ইউনিটের সভাপতি সামিয়া কবির স্বর্ণা বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদ মামুন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মত্যাগ আমাদের ন্যায়, সাহস ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছি। এই উদ্যোগের মাধ্যমে রক্তদান সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে চাই। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। মানবতার সেবায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।
বাঁধনের ৩ নম্বর নির্বাহী সদস্য নাবীহা তাসনীম লাবণ্য বলেন, বৃষ্টির কারণে কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটলেও কার্যক্রম বন্ধ হয়নি। বর্তমানে বিজ্ঞান ভবনের নিচে বাঁধনের কার্যালয়ের সামনে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম চলমান রয়েছে।
সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ বলেন, রক্ত পরীক্ষা করতে পেরে ভালো লাগছে। এর মাধ্যমে আমি আমার রক্তের গ্রুপ জানতে পেরেছি। শহীদ মামুনের স্মরণে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি বাঁধন নিয়মিত আশপাশের হাসপাতালগুলোর রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।