ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা অটোপাসের দাবি কিংবা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে আন্দোলনে নামেনি। বন্যা, জলাবদ্ধতা ও চরম ভোগান্তির মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে না হওয়া এবং বারবার পরিবর্তিত পরীক্ষা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের শিকার না হওয়ার দাবিতেই তারা রাজপথে নেমেছে। তাই শিক্ষার্থীদের এই আন্দোলনকে তিনি যৌক্তিক, মানবিক ও ন্যায্য বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী কর্মসূচি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে আন্দোলনে রাজনৈতিক রঙ লাগানোর অপচেষ্টা চলছে, যা শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার, হয়রানি ও ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও হয়রানি বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। তিনি মনে করিয়ে দেন, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়; তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে।
সরকারের প্রতি শুভবুদ্ধির আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সহজেই সমাধানযোগ্য একটি সংকট বড় ধরনের সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের পরামর্শকে ষড়যন্ত্র বা উসকানি হিসেবে দেখার পরিবর্তে দায়িত্বশীলভাবে বিবেচনা করা উচিত।