Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হলের ফি কমানোর দাবিতে প্রশাসনের নীরবতা

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬ ২২:২৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০০:৩০

সরকারি তিতুমীর কলেজের চারটি হলের সাধারণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৮ হাজার টাকা হল ফি নির্ধারণ সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হল ফি কমিয়ে ৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তিতুমীরের শিক্ষার্থীরা।

বেশ কিছুদিন ধরে হল ফি কমানোর বিষয় নিয়ে প্রশাসনকে অবগত করা হলেও প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখতে না পাওয়াই আজ সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। ১৬ জুলাই (বৃহস্পতিবার) শিক্ষার্থীরা হল ফি নিয়ে প্রশাসনের নিরবতা ও হল ফি’র তারিখ বর্ধিত এবং ফি কমানোর দাবি আদায়ের জন্য প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এক শিক্ষার্থী আহম্মেদ আসহাব শোভন বলেন, গত বছরের মতো এবারও তিতুমীর কলেজের হল ফি অযৌক্তিকভাবে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা। বারবার দাবি জানিয়েও প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায় নি।

তিনি অভিযোগ করেন, একটি বেডে দুইজন করে শিক্ষার্থী থাকলেও পূর্ণ ৮ হাজার টাকা করে আদায় করা হচ্ছে, যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। অধিকাংশ আবাসিক শিক্ষার্থী মফস্বল থেকে আসা এবং সীমিত সামর্থ্যের হওয়ায় প্রশাসনের উচিত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিয়ে হল ফি কমিয়ে আনা, বলেছেন তিনি।

উপস্থিত আরেক শিক্ষার্থী ইমরান মোল্লা বলেন, এই যে অযৌক্তিক ফি টা বারবার প্রশাসনের কাছে যাবার পরও তারা যে কর্ণপাত করছেন না কোনো পদক্ষেপ করছেন না এই দায় ভারটা আসলে কার? প্রশাসনের নাকি কোনো রাজনৈতিক সংগঠনের। আমরা নিজেরাও জেনেছি রাজনৈতিক সংগঠনগুলো প্রশাসনের সাথে দফায় দফায় বসেছেন এবং তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কিন্তু দিন শেষে আমাদের যে প্রাপ্তির জায়গা সেটা এখনও শূন্য। আমরা স্পষ্টভাবে জানাতে চাই আপনারা যারা প্রশাসনে আছেন তারা যদি আমাদের চাওয়া পাওয়ার মূল্যায়ন না করতে পারেন আপনাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করুন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর