Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৮:২৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক আচরণ স্টক এক্সচেঞ্জের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সকালে কোম্পানিটির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে এ বিষয়টি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের এই উত্থান কোম্পানিটির আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম কিংবা মৌলভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

ডিএসই’র তথ্য অনুযায়ী, গত এক মাসে শেয়ারটির দর দ্রুত বেড়েছে। এরমধ্যে ১৭ জুন কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৫৩৭ দশমিক ৩০ টাকা, যা ১৫ জুলাই বেড়ে দাঁড়ায় ৯৭২ দশমিক ৪০ টাকায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪৩৪ দশমিক ৭০ টাকা বা ৮০ দশমিক ৯০ শতাংশের বেশি।

এমন অস্বাভাবিক উত্থানের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক পদক্ষেপ হিসেবে ডিএসই শেয়ারটির লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়। এর আগে গত ৮ জুলাই ডিএসই কোম্পানিটির কাছে দর ও লেনদেন বৃদ্ধির ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি।

স্টক এক্সচেঞ্জ সূত্র আরও জানিয়েছে, শেয়ারটির দরবৃদ্ধির সঙ্গে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির কোনো সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যাচ্ছে না। ফলে এ দরবৃদ্ধির পেছনে গোপন তথ্য, সমন্বিত লেনদেন বা বাজার কারসাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোম্পানির কাছে প্রয়োজনীয় নথিপত্র ও অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রেইনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি টাকা।