ঢাকা: ফেসবুকে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূঁইয়া-কে চাকরি থেকে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইব্রাহীম আলম ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার অভিযোগ সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুলস, ১৯৮৩-এর বিধি ২(৪) ও ৩(বি) অনুযায়ী সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে একই বিধিমালার ৪(১)(জি) ধারার আওতায় ১৪ জুলাই থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত (ডিসমিসাল ফ্রম সার্ভিস) করা হয়েছে।
এর আগে গত ৫ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সে সময় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
এ ছাড়া ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ নির্দেশনা অমান্য করতে অন্য কর্মচারীদের উসকানি দিয়ে তিনি দফতরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন, যা শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের শামিল।