ঢাকা: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দরের সচলতা রক্ষা এবং ভৈরব নদের নাব্যতা সংকট স্থায়ীভাবে দূর করতে আধুনিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুলের এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
লিখিত উত্তরে নৌমন্ত্রী জানান, খুলনা-নওয়াপাড়া নৌপথের ভৈরব নদীতে সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে মূল চ্যানেল থেকে পলি অপসারণ করা হয়েছে। এর ফলে বর্তমানে ওই রুটে নির্বিঘ্নে ও নিরাপদে নৌযান চলাচল করছে। এছাড়া বন্দরের সচলতা বজায় রাখতে বিআইডব্লিউটিএ রাজস্ব বাজেটের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে।
নৌমন্ত্রী আরও বলেন, অভয়নগর বা নওয়াপাড়া নদীবন্দর দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বন্দরটিকে পূর্ণাঙ্গ আধুনিক নদীবন্দরে রূপান্তরের লক্ষ্যে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ভৈরব নদের নাব্যতা সংকট স্থায়ী সমাধান, জরুরি ক্যাপিটাল ড্রেজিং, আধুনিক জেটি নির্মাণ এবং লেবার শেড নির্মাণের মতো কাজগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, এসব কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হলে পূর্ণাঙ্গ প্রকল্প প্রণয়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে নৌপথের আধুনিকায়ন ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।