Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনের প্রস্তাব শহিদ ওসমান হাদি ফাউন্ডেশনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৭:০৭

ঢাকা: শহিদ শরিফ ওসমান হাদির স্বপ্নের ইনকিলাব কালচারাল ট্রাস্ট বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ট্রাস্ট গঠনের চলমান অচলাবস্থা নিরসনে চার দফা প্রস্তাবনা দিয়েছে শহিদ ওসমান হাদি ফাউন্ডেশন।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার সরোয়ার হোসাইন এই প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশপন্থি সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধের উদ্দেশ্যে শহিদ শরিফ ওসমান হাদি একটি মূল ট্রাস্টের অধীনে একাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। ট্রাস্ট গঠনের জন্য প্রয়োজনীয় সব দাফতরিক কাজ তিনি সম্পন্ন করলেও মন্ত্রণালয়ে জমা দেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শহিদ হাদি ট্রাস্ট গঠনের দায়িত্ব শরিফ ওমর হাদির ওপর অর্পণ করেছিলেন এবং পরবর্তীতে ১১ সদস্যবিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল। তবে শহিদ হাদির মৃত্যুর পর ট্রাস্ট ও ইনকিলাব মঞ্চকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে বর্তমান পরিচালকদের আগামী তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ট্রাস্ট গঠন করে সেন্টারটিকে এর অধীনে আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া শহিদ হাদি মনোনীত সদস্যদের বহাল রেখে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও কওমি অঙ্গনের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যসহ মোট ২১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাস্টের অধীনে একটি বৃহৎ তহবিল গঠন করে শহিদ হাদি হত্যা মামলার আইনি লড়াই পরিচালনা করা হবে। একই সঙ্গে সদস্য সচিবের শূন্য পদে শহিদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা অথবা তার মনোনীত কাউকে দায়িত্ব প্রদানের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে শহিদ ওসমান হাদির বিপ্লবী চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতার ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর