ঢাকা: বিরূপ আবহাওয়ার কারণে সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার স্থানসূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা আর অনুষ্ঠিত হবে না।
রোববার (১২ জুলাই) সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃষ্টির কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জানাজা বাতিল করা হয়েছে।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আধাবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার জজ আদালতের কার্যক্রমও এদিন বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনে দুই দফা জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।