Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের মামলায় বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেট
৯ জুলাই ২০২৬ ১৬:৪০

ঢাকা: পাইলট লাইসেন্স নবায়ন ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক জুনিয়র লাইসেন্স পরিদর্শক এইচ. এম. রাশেদ সরকারকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী জহিরুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী ইব্রাহিম জুয়েলসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক রায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ জানিয়ে জানান, তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ফিলিপাইন থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জনকারী মো. রাকিব হাসান বাংলাদেশে লাইসেন্স রূপান্তরের জন্য আবেদন করেন। অভিযোগ রয়েছে, এইচ. এম. রাশেদ সরকার তার আবেদনটি অনলাইন সিস্টেমে বাতিল করে দেন এবং পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৬ ডিসেম্বর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে ফাঁদ পাতে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে ঘুষের টাকা গ্রহণের সময় রাশেদ সরকারকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার পর একই দিন দুদকের সহকারী পরিচালক তাহসীন মোসাবিল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২৩ সালের ৬ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর