Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, একজন সাধারণ কর্মী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৫:১০

ঢাকা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী। কর্মী হিসেবে বিভিন্ন সময় আমার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া এবং বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ ও দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদের স্নেহ করেন এবং বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার পরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করার প্রেক্ষিতে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। এইটুকুই তার সঙ্গে আমার আসল সম্পর্ক।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে বলে তিনি জানান। সব মিলিয়ে এই জিনিসটি মানুষের সামনে যদি এমনভাবে উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছেন বা ওটা করেছেন, তবে এই বিষয়টি আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন এবং পড়াশোনা করেছেন ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা মূলত বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে প্রথম সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না যে, প্রধানমন্ত্রী আমার বন্ধু। তিনি বলেন, আমি কোনোভাবেই উনার বন্ধু না।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর