ঢাকা: রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৪১ জন, গুলশান বিভাগ কর্তৃক ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩ টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাষ্টিকের উদ্ধার করা হয়।