ঢাকা: বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশননের (বাটজা) উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাটজার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী। অনুষ্ঠানে বাটজার স্থায়ী সদস্য ও আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।