Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:০৮ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৭:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলা ও সুনাম রক্ষায় সারাদেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের দায়ে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানান।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য কঠোর নীতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে যুবদলের গত এক বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। জানানো হয়, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, সেতু নির্মাণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তাসহ বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, বর্তমান কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে যুবদল ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো