Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরের জট কমাতে অনলাইন নিলামে ১৬৮ কন্টেইনার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৯:১১

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘদিন পড়ে থাকা অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৬৮ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জুলাই মাসজুড়ে দুটি পৃথক ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর বলেছে, চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধি, কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিতভাবে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য বিক্রি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় জুলাই মাসে মোট ১৬৮ কন্টেইনার পণ্য ই-অকশনের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এ ৭৬টি লটে ৯৩ কন্টেইনার পণ্য বিক্রি হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ এবং গৃহস্থালি পণ্য। এই নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি।

এ ছাড়া ই-অকশন-০৭/২০২৬–এ ৫৫টি লটে ৭৫ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারি, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র‌্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ বিভিন্ন পণ্য।

এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। ই-অকশন-০৭/২০২৬–এর পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালে সরেজমিনে পরিদর্শনের সুযোগ থাকবে। এরপর নিবন্ধিত বিডাররা অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।

ই-অকশন-০৭/২০২৬–এর জন্য ১২ থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এর জন্য ১৪ থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে। বিড করার সময় প্রস্তাবিত দরমূল্যের অন্তত ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪–এর প্রযোজ্য শর্ত পূরণ করে পণ্য খালাস নিতে হবে।

আগামী ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় ই-অকশন-০৭/২০২৬–এর দরপত্র খোলা হবে। আর বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এর দরপত্র খোলা হবে ২৭ জুলাই সকাল ১১টায়।

এনবিআর-এর মতে, প্রযুক্তিনির্ভর এই ই-নিলাম চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানোর পাশাপাশি জাতীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাবাংলা/এসএ/এসআর