ঢাকা: সঞ্চয়পত্রের মুনাফা তামাদি হিসেবে গণ্য হওয়ার সময়সীমা নিয়ে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ব্যাখ্যার আলোকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারি ঋণ আইন, ২০২২ অনুযায়ী সঞ্চয়পত্রের মূলধন ও মুনাফা দাবি করার ক্ষেত্রে ‘তামাদি হিসাব’ নির্ধারণে আইনটি অনুসরণ করতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ–সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারি ঋণ আইন, ২০২২–এর ধারা ৩৩ অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফা তামাদি হিসেবে গণ্য হওয়ার বিষয়ে আইআরডি ৮ জুন জারি করা একটি ব্যাখ্যামূলক নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্যই ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, যেসব সঞ্চয়পত্রে মাসিক, ত্রৈমাসিক বা মেয়াদ শেষে মুনাফা পরিশোধের বিধান রয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত প্রাপ্য অর্থ উত্তোলন না করলে মেয়াদপূর্তির তারিখ থেকে ছয় বছর অতিক্রম হওয়ার পর ওই মুনাফা তামাদি হিসেবে গণ্য হবে। একইভাবে মেয়াদ শেষে মূলধনও ছয় বছরের মধ্যে দাবি না করলে তা সরকারের তামাদি দায় হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সঞ্চয় অধিদফতরের অনুরোধ এবং অর্থ বিভাগের ব্যাখ্যার ভিত্তিতে আইআরডির এ নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে। এর ফলে সঞ্চয়পত্রের মুনাফা ও মূলধন দাবির ক্ষেত্রে সব ব্যাংককে একই নীতিমালা অনুসরণ করতে হবে।