Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ মার্জিনে এলসি খুলতে পারবে ঋণখেলাপি আবদুল মোনেম সুগার রিফাইনারি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৭:০৪ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ২০:১৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঋণখেলাপি প্রতিষ্ঠান আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড (এএমএসআরএল)-এর অনুকূলে শতভাগ মার্জিনের বিপরীতে আমদানি ঋণপত্র (ইমপোর্ট এলসি) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিশেষ বিধান অনুযায়ী এ অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনা পাঠিয়েছে। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পৃথক প্রজ্ঞাপনের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ঋণখেলাপি প্রতিষ্ঠান আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড-এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক শতভাগ মার্জিনের বিপরীতে আমদানি ঋণপত্র খুলতে পারবে। এই অনুমতি ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এই সুবিধা দেওয়ার ফলে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বা সংশ্লিষ্ট কোনো ব্যাংক, সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের কাছে এ সংক্রান্ত কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না- বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি কাঁচামাল বা প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারবে। তবে এলসি খোলার ক্ষেত্রে পুরো অর্থ আগাম মার্জিন হিসেবে জমা রাখতে হবে, ফলে ব্যাংকের ঋণঝুঁকি সীমিত থাকবে।